প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
1770
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা, বাউন্ডারি ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতিসাধন এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মুক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলী পুল এলাকার আব্দুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন (৫৫), হিরাঝিল এলাকার সুলতান খাঁনের ছেলে রনী খান (৪৫), একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে বোরহান (৫৩), মিজমিজি দক্ষিণপাড়ার আবুল কাশেম সরদারের ছেলে ডালিম (৫০), একই এলাকার আমিজ উদ্দিনের ছেলে ইকবাল (৫০), সালামের ছেলে ফয়সাল (৩৯) এবং যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকার রকি (৪০)।
ভুক্তভোগী মুক্তার অভিযোগে উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ মৌজায় ৩.৯০ শতাংশ জমি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে সাইড বাউন্ডারি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা জমিতে প্রবেশ করে বাউন্ডারি ভাঙচুর করেন এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেন।
এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা মুক্তারের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে নাসিক ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ভেন্ডার ইকবাল দাবি করেন, ওই জমিতে পুলিশ সুপারের বোনের অংশ রয়েছে এবং তার অনুরোধেই তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। জমি দখলের সাথে তিনি জড়িত নন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।