সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

শামীম ওসমানের দোসর মোমেন শিকদারের দলবদলের অপচেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

1691

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নাম ভাঙিয়ে বিগত দেড় দশক ধরে আধিপত্য বিস্তারকারী মমিনুল হক মোমেন শিকদার (আনোয়ার হোসেন) এখন রাতারাতি ভোল পাল্টে বিএনপি নেতা সাজতে মরিয়া হয়ে উঠেছেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে বাঁচাতে এবং নতুন সুবিধা হাসিল করতে তিনি এই অপকৌশল নিয়েছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী শাসনামলে শামীম ওসমান এবং সোনারগাঁর সাবেক এমপি কায়সার হাসনাতের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন মোমেন শিকদার। তৎকালীন এমপির নির্বাচনে অবৈধ অর্থের জোগান দেওয়া এবং তার পিএস-এর সঙ্গে মিলে সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

৫ আগস্টের পর আওয়ামী লীগের ছায়া ছেড়ে তিনি এখন বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ছবি তুলে নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালাচ্ছেন। এছাড়া, লন্ডনের কিছু নেতার নাম ব্যবহার করে স্থানীয় নেতাকর্মীদের পদ-পদবি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দলীয় শৃঙ্খলা বিনষ্ট করছেন তিনি।

শুধু তাই নয়, বিআইডব্লিউটিএ-এর নদী খনন প্রকল্পের দোহাই দিয়ে সম্প্রতি রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট গড়ে তুলেছেন তিনি। কোটি টাকার বালু লুটপাটের পাশাপাশি এহেন কর্মকাণ্ডে বিএনপি ও স্থানীয় নেতৃত্বের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দোসর হয়ে যারা দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের দলে কোনো স্থান হতে পারে না।

এ বিষয়ে অভিযুক্ত মোমেন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শামীম ওসমানের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করেন। তবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে তিনি দায় এড়ানোর চেষ্টা করেন।

আওয়ামী দুঃশাসনের এই সহযোগীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। ইতোমধ্যে তার অপকর্মের চিত্র তুলে ধরে আইন প্রয়োগকারী সংস্থায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

Link copied!