প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
1702
০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১ অক্টবর) সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনীত প্রার্থীরা হলেন, ধোপাদহ ইউনিয়নে মাওলানা মেহেদী হাসান, কাশিনাথপুর ইউনিয়নে সাইফুল ইসলাম মিতুল, নন্দনপুর ইউনিয়নে অধ্যাপক আনিছুর রহমান, করমজা ইউনিয়নে মাহমুদুন্নবী পিন্টু, নাগডেমড়া ইউনিয়নে হাফিজুর রহমান, ক্ষেতুপাড়া ইউনিয়নে জিয়াউর রহমান, গৌরীগ্রাম ইউনিয়নে আবুল কালাম আজাদ, ধুরাউড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম এবং ভুলবাড়িয়া ইউনিয়নে মাহাতাব উদ্দিন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মকলেছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানসহ স্থানীয় রুকনরা। বৈঠকে আসন্ন নির্বাচনকে সফল করতে দলের সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।