সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

নারায়ণগঞ্জে ১২০ কোটি ব্যয়ে ১১ তলা নতুন জিয়া হলের নকশা উপস্থাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

1700

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল ভেঙে একই স্থানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণের স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক মডেল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রস্তাবিত ভবনের নকশা ও ৩ডি মডেল অতিথিদের সামনে তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নতুন কমপ্লেক্সে মাটির নিচে দুই তলা বেজমেন্ট থাকবে, যেখানে প্রায় ৫০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভবনে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, কমিউনিটি সেন্টার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মহড়া কক্ষ থাকবে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করাই লক্ষ্য বলে তিনি জানান।

জিয়া হলের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত সরকারের আমলে এই হল ভেঙে এখানে হোমটাউন মার্কেট করার চেষ্টা হয়েছিল। আমরা একে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে নারায়ণগঞ্জের মানুষ প্রয়োজনে এটি যথাযথভাবে ব্যবহার করতে পারেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে গ্রহণ করেছেন।
নারায়ণগঞ্জের নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের কথা জানিয়ে প্রশাসক বলেন, ভালো কাজের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও ভবানী শংকর এবং জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তারিকুল সুজনসহ সংশ্লিষ্টরা।

Link copied!