প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৩৯ এএম
1719
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) প্রকল্পে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে ইতিবাচক মনোভাব তুলে ধরা হয়েছে।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গিলেফু মাইন্ডফুলনেস সিটির আন্তর্জাতিক বিষয়াবলির প্রধান অ্যাম্বাসেডর জোনাথন টো। বৈঠকে তিনি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-এর পরিকল্পনায় গড়ে ওঠা জিএমসি প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন।
তিনি জানান, “ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস” ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই উদ্যোগটি একটি টেকসই, আধুনিক এবং বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে। ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাজার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং জিএমসি প্রকল্পকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার জন্য সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা পারস্পরিক বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে দক্ষ জনবল প্রেরণ এবং বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়।
বৈঠকের শেষে দুই দেশই ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও বাস্তবভিত্তিক সহযোগিতার কাঠামো তৈরিতে একমত হয়।