প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:৪১ এএম
1709
০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের দাপ্তরিক বিল ও গুরুত্বপূর্ণ ফাইল প্রসেসিংয়ে যেকোনো ধরনের অনিয়ম, ঘুষ বা অন্যায্য আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার (১৬ জুন) চবক কার্যালয় থেকে জারিকৃত এক জরুরি অফিস আদেশে তিনি বন্দরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এই কঠোর সতর্ক বার্তা জারি করেন।
চট্টগ্রাম বন্দরের সামগ্রিক প্রশাসনিক ও দাপ্তরিক কাজে শতভাগ স্বচ্ছতা, গতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বন্দর চেয়ারম্যান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বন্দরের স্টেকহোল্ডার বা অংশীজন, আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ঠিকাদারসহ যেকোনো সাধারণ বন্দর ব্যবহারকারীর কাছে যদি বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারীর ঘুষ দাবি বা আর্থিক লেনদেন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকে, তবে তারা যেন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি বন্দর চেয়ারম্যানের দপ্তরে লিখিতভাবে অভিযোগ পেশ করেন। দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বহিরাগত ঠিকাদারদের উদ্দেশ্যেও দ্বিমুখী সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, কোনো ঠিকাদার, ভেন্ডর বা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি নিজেদের বিল দ্রুত পাস করানো বা ফাইল প্রসেসিংয়ের স্বার্থে বন্দরের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে গোপনে অর্থ প্রদান করা কিংবা অন্য কোনো উপায়ে অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়, তবে শুধু কর্মকর্তা নয় ঘুষদাতা সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে অপরাধী প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরে চিরতরে ‘কালো তালিকাভুক্ত’ (ব্ল্যাকলিস্টেড) করা হবে।
সংশ্লিষ্ট কূটনৈতিক ও বাণিজ্যিক মহল মনে করছেন, বন্দর কর্তৃপক্ষের এই দূরদর্শী ও আপসহীন নির্দেশনা চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক কার্যক্রমে দীর্ঘদিনের শৃঙ্খলা ও গতি ফিরিয়ে আনতে এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।