প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:২১ এএম
1708
০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম
আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সোমবার (১৮ মে) জানান, আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ কমলেও কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বর্তমানে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার (১৯ মে) থেকে শুক্রবার (২২ মে) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই সময়কালে দেশের আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল থাকবে, যেখানে কোথাও বৃষ্টি আবার কোথাও গরম আবহাওয়া অনুভূত হবে।