সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:১২ এএম

1721

জুবাইদা রহমান

রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর এক সমাবেশে কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, প্রতিটি মেয়ে যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারে, সেই পথে রাষ্ট্রব্যবস্থা বাধা নয়—বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সোমবার (১১ মে) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজে নারীর ভূমিকা, উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পুনাকের মতো সংগঠন সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, নারীরা পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও বাজার সংযোগ নিশ্চিত করা জরুরি।

নারী উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের উৎসাহ দিতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, যা দারিদ্র্য বিমোচনেও সহায়ক হবে।

অনুষ্ঠানে তিনি পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর সুস্থতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা, এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যান্য অতিথিরা।

Link copied!