প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:৪০ এএম
1720
০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
অবৈধভাবে মানবপাচারের দায়ে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রথম যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো।
যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’ এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।
তদন্তে জানা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিতেন। কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যায়। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো।
নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান। এ যুদ্ধকে কেন্দ্র করে অভিবাসীদের যুদ্ধের ময়দানে ব্যবহারের যে অভিযোগ আন্তর্জাতিক মহলে বারবার উঠছিল, এই নিষেধাজ্ঞা সেই সত্যতাকেই আরও জোরালো করলো।