প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:৪০ এএম
1710
০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রতীক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক নির্বাচন কমিশন-সংক্রান্ত পরিসংখ্যান ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে সরকার গঠনের পথে এগোচ্ছে ।
ফলাফলের এই অগ্রগতির খবর ছড়িয়ে পড়তেই বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। দলটির কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ উদযাপন, মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
আনন্দবাজারের বিকাল ১টা ৩০ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৯৪ টি আসনে এগিয়ে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়েছে এবং তাঁর মতে, বিজেপি বড় ব্যবধানে সরকার গঠনের পথে রয়েছে।
ফলাফলে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির ভালো অবস্থানের ইঙ্গিত পাওয়ার পর দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় উদযাপনের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আসন ভবানীপুর নিয়েও তীব্র নজরদারি চলছে। কলকাতার শাখাওয়াত স্কুলে ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকরা বাইরে অবস্থান করলেও নিরাপত্তার কারণে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা শুরু হয়। সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তর থেকেও পুরো গণনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত রয়েছেন।