প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৭:২৭ এএম
1721
০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম
নাটোরের সিংড়া উপজেলা-য় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) ভোরে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরেন রফিকুল ইসলাম। রাতের খাবার শেষে দরজা খোলা রেখেই নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। ভোরের দিকে ফজরের নামাজ পড়তে উঠে পাশের ঘরে স্বামীর দরজা খোলা দেখতে পান তার স্ত্রী শিউলি বেগম। পরে ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় স্বামীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, রাতে স্বামীকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। তিনি মাথায় তেল দিতে বললে তা করে দেন। এরপর একই ঘরে ঘুমাতে চাইলে তাকে সন্তানসহ অন্য ঘরে যেতে বলেন। ভোরে নামাজ পড়তে উঠে তিনি এ মর্মান্তিক দৃশ্য দেখতে পান।
নিহতের মামা আবদুল করিম বলেন, রফিকুল ইসলাম সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। এমন নৃশংস হত্যাকাণ্ডের কারণ জানতে দ্রুত তদন্তের দাবি জানান তিনি।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।