প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম
1711
০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওকান্দি সরকারি কলেজে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা চলাকালে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।
হামলায় কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া আহত নারী শিক্ষক (প্রদর্শক) আলিয়া খাতুন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।