সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

1708

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে প্রশ্ন পরিবর্তন করে অতিরিক্ত সময় দেওয়া হয়।

সোনারগাঁ, নারায়ণগঞ্জ-এ ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুলটি ধরা পড়লে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়া হয়েছে।

অভিভাবক দেলোয়ার হোসেন বলেন, কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, বারবার জানানো হলেও প্রথমে শিক্ষকরা গুরুত্ব দেননি। পরে দেড় ঘণ্টা পর প্রশ্ন পরিবর্তন করা হয় এবং সময়ও কম দেওয়া হয়।

কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Link copied!