সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানকে নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এএম

1712

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর মধ্যে বৈঠকের পর এই উদ্যোগ নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির নিরাপদ পারাপার নিশ্চিত করতে ইরানের সহায়তা কামনা করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী পারাপারের জন্য অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় সরকার কৃতজ্ঞ।

জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিরাপদ চলাচল নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ সময় বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে।

ইরানের পক্ষ থেকে বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

Link copied!