প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
1704
০৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় অলিতে-গলিতে প্রকাশ্যেই মিলছে হিরোইন, ইয়াবা ও গাঁজা। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটি মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সুযোগ বুঝে এখান থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছে। পুলিশের কিছু সোর্সের আশ্রয়-প্রশ্রয়ে এসব কারবার চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
মাদকের ভয়াল থাবায় এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ার পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের তথ্যমতে, নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার চিহ্নিত মাদক কারবারিদের মধ্যে রয়েছেন, সিয়াম ওরফে কুত্তা সিয়াম, কাউছার, শরিফ ওরফে মাস্তান, শিলা, মহসিন, সাজিদ, সাবিদ, জুয়েল, শাওন, পাখি আলী, কাইল্লা লিটন, ইসলাম ও নূর হোসেনসহ অনেকে। তারা চিশতিয়ার মাজার, যাদুমনি স্কুলের সামনে ও ক্যানালপাড়সহ বিভিন্ন গলিতে মাদক বিক্রি করে আসছে।
মাদক ব্যবসায়ীদের একটি বিশাল কিশোর গ্যাং রয়েছে। পুলিশের সোর্সদের কাছ থেকে অভিযানের খবর আগে থেকেই পেয়ে যাওয়ায় পুলিশ আসার আগেই তারা নিরাপদ স্থানে সরে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে বহু আসামিকে গ্রেপ্তার করে মামলা দিয়েছে। মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই এবং এই অভিযান অব্যাহত থাকবে।