প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:৩৫ এএম
1728
০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম
কুমিল্লার চান্দিনায় ধান কাটার কাজে আসা শ্রমিকদের হাতে এক গৃহকর্ত্রীকে হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
নিহত গৃহকর্ত্রীর নাম সমিরন বেগম (৬০)। তিনি উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকার বাতেন মোল্লার স্ত্রী।
শনিবার (২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার (৩ মে) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমে ধান কাটার জন্য বাতেন মোল্লা উত্তরবঙ্গের চারজন শ্রমিককে এলাকায় নিয়ে আসেন। গত পাঁচ দিন ধরে তারা ধান কাটার কাজ করছিলেন এবং ওই বাড়িতেই অবস্থান করছিলেন।
শনিবার সন্ধ্যায় এক শ্রমিক মোবাইল ফোন চুরি করে পালিয়ে যান। পরে বিষয়টি নিয়ে অন্য শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এরই জেরে রাতে ঘুমন্ত অবস্থায় সমিরন বেগমের ওপর হামলা চালানো হয়। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরে ঘরের সিন্দুক ভেঙে ৭০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শ্রমিকদের সবাই উত্তরবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনাটির পেছনে পূর্বপরিকল্পিত কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।